
মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার মদনে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে অপহরণের অভিযোগে আনোয়ার (২০) নামে এক তরুণ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলার কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার মদন উপজেলার বাঁশরী জয়নগর গ্রামের উছেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। জীবিকার তাগিদে মেয়েটির মা চট্রগ্রামে পোশাক শ্রমিকের কাজ করেন। মেয়েটি বাড়িতে তার স্বজনদের কাছে থেকে লেখাপড়া করছে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে ওই মেয়েটিকে আনোয়ার প্রায় সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। সোমবার রাত ৯ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘর থেকে বের হয়।
এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা আনোয়ার ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই মেয়েটির চাচা পুলিশকে অবগত করে। মঙ্গলবার অভিযান চালিয়ে কেন্দুয়া উপজেলার গুগ বাজার এলাকা থেকে আনোয়ারকে আটক করে। এ সময় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান জানান, অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ারকে আটক করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার মেয়েটির ডাক্তারী পরিক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।











