সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রক্তযোদ্ধা উজ্জ্বল হোসেন আর নেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মানবতার সৈনিকের

হুমায়ুন কবির, সুনামগঞ্জ: রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা স্বেচ্ছাসেবক ও মানবতার সৈনিক মো. উজ্জ্বল হোসেন আর নেই। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, রক্তদাতা, স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৪ আগস্ট) সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত মো. উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উজ্জ্বল হোসেন স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করতে তিনি নিয়মিত ছুটে যেতেন। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর কারণে স্থানীয়ভাবে তিনি ‘রক্তযোদ্ধা’ ও ‘মানবতার সৈনিক’ হিসেবে পরিচিতি লাভ করেন।

রক্তের সন্ধানে অসহায় রোগীর স্বজনদের পাশে দাঁড়ানো, রক্তদাতা খুঁজে দেওয়া এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশ নেওয়ার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছিলেন। তাঁর এমন মানবিক কর্মকাণ্ডে উপকৃত হয়েছেন বহু মানুষ।

সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

#SylhetBloodGroup এবং #ফিসাবিল্ললাহব্লাডগ্রুপ_সিলেট-এর পক্ষ থেকে উজ্জ্বল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবী ও রক্তদাতা মহলের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়ানো উজ্জ্বল হোসেনের মানবিক কর্মকাণ্ড দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ