বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সার্ভেয়ার নেই, থমকে আছে মাধবপুর ভূমি অফিসের কার্যক্রম

মো. হাসান ভূইয়া, মাধবপুর(হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে দীর্ঘদিন ধরে সার্ভেয়ার পদ শূন্য থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা।

জমিজমা সংক্রান্ত নানা কাজের জন্য প্রতিদিন শতাধিক মানুষ অফিসে এলেও সার্ভেয়ার না থাকায় অধিকাংশ কার্যক্রম আটকে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি পরিমাপ, সীমানা নির্ধারণ, নামজারি তদন্ত, খাস জমি যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সার্ভেয়ারের প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই পদে কোনো কর্মকর্তা দায়িত্ব পালন না করায় সেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে একদিকে যেমন সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে জমি সংক্রান্ত বিরোধও বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জমি পরিমাপ কিংবা তদন্তের জন্য আবেদন করার পরও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি লোকজনের সহায়তা নিচ্ছেন, ফলে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। তবু মিলছে না কাঙ্খিত সমাধান।

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, “জমির নামজারির জন্য অনেক দিন আগে আবেদন করেছি। কিন্তু সার্ভেয়ার না থাকায় এখনো কাজ হয়নি। বারবার অফিসে এসে শুধু তারিখ পাচ্ছি।”

আরেক সেবাগ্রহীতা লাভলী বেগম বলেন, “ভূমি অফিসে এসে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সার্ভেয়ার নিয়োগ দিলে সাধারণ মানুষ উপকৃত হতো।”

অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সার্ভেয়ার পদটি শূন্য রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো নতুন কোনো কর্মকর্তা পদায়ন করা হয়নি।

এ বিষয়ে মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “আগের সার্ভেয়ার বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এখনও নতুন কাউকে পদায়ন করা হয়নি।”

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম বলেন, “মাধবপুরে দ্রুত সার্ভেয়ার পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করি দ্রুত একজন সার্ভেয়ার পদায়ন করা হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে সার্ভেয়ার না থাকায় জমি সংক্রান্ত বিরোধ বাড়ছে এবং অনেক এলাকায় দাঙ্গা-হাঙ্গামার পরিস্থিতিও তৈরি হচ্ছে। দ্রুত পদায়ন না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *