বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

যায়যায়কাল প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তাঁর চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করেছে সংস্থাটি। বিধি অনুযায়ী, চাকরিতে পুনর্বহালের পাশাপাশি তিনি জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতাসহ প্রাপ্য সব সুযোগ-সুবিধা পাবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলি হওয়ার আগ পর্যন্ত তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন।

চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ উদ্দিন। এ সময় তিনি প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। তাঁর চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনও করেন।

চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট

শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের আদেশে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বিধি অনুযায়ী, তিনি ৯০ দিনের বেতন ও প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।

তবে কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়ে একজন কর্মীকে চাকরি থেকে অপসারণের ক্ষমতা-সংক্রান্ত ওই বিধির বৈধতা চ্যালেঞ্জ করে এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন।

এর আগে একই বিধির আওতায় দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীকে চাকরিচ্যুত করার ঘটনায় হাইকোর্ট ৫৪(২) বিধি বাতিল করে রায় দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল আপিল বিভাগে বিচারাধীন থাকায় ২০২২ সালের ২৫ মে শরীফ উদ্দিনের রিটের শুনানি স্থগিত করেন হাইকোর্ট।

পরে ওই আদেশ স্থগিত চেয়ে ২০২২ সালের ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন শরীফ উদ্দিন।

২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে শরীফ উদ্দিনের করা লিভ টু আপিলটি প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করেন আদালত।

২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, দুদক কর্মচারী চাকরি বিধিমালার ৫৪(২) বিধি অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রয়োগ করতে হবে। এ ক্ষেত্রে দুদককে ১২ দফা পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুসরণের কথাও বলা হয়।

জ্যেষ্ঠতাসহ পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফ উদ্দিনের করা রিটের শুনানি আবার শুরু হয়। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণের ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করা হয়।

একই সঙ্গে তাঁকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

দুদকের লিভ টু আপিল প্রত্যাহার

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে লিভ টু আপিল করে দুদক। তবে পরে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী আদালতকে জানিয়েছেন, দেওয়ানি লিভ টু আপিলটি আর পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে আপিলটি আর পরিচালনা না করার কারণে খারিজ করেন আদালত। ফলে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালে হাইকোর্টের রায় বাস্তবায়নের পথ সুগম হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ