
যায়যায়কাল ডেস্ক: একাকিত্ব দূর করে নতুন বন্ধু খুঁজে পেতে এখন টাকা খরচ করছেন যুক্তরাজ্যের তরুণ-তরুণীরা। সামাজিক যোগাযোগ ও বন্ধুত্ব তৈরির সুযোগ করে দেওয়ার নামে দেশটিতে গড়ে উঠছে একের পর এক অ্যাপ ও পেইড সোশ্যাল ক্লাব। এসব প্ল্যাটফর্মে সদস্য হতে মাসে সর্বোচ্চ ৪৫ পাউন্ড পর্যন্ত খরচ করতে হচ্ছে। কোথাও আবার নির্দিষ্ট অনুষ্ঠানে অংশ নিতে দিতে হচ্ছে আলাদা ফি।
সম্প্রতি যুক্তরাজ্যে তরুণদের মধ্যে একাকিত্বের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে এই ব্যবসার বিস্তার ঘটছে। দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ঘনিষ্ঠ বন্ধু নেই—এমন তরুণের সংখ্যা বেড়েছে পাঁচ গুণ। দেশটিতে ১৬ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ৪০ শতাংশ জানিয়েছেন, তাঁরা প্রায়ই বা মাঝেমধ্যে একাকিত্ব অনুভব করেন।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে জনপ্রিয় হয়ে উঠছে টাইমলেফট, আগোরা, ২২২প্লেস, রিমোটলি সোশ্যাল ক্লাব, গ্রুপভাইব ও পিএলওয়াইয়ের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম। এসব অ্যাপ ব্যবহারকারীদের বয়স, জীবনযাপন, পেশা ও আগ্রহের ভিত্তিতে অপরিচিত ব্যক্তিদের একটি দলে যুক্ত করে। এরপর একসঙ্গে নৈশভোজ, আড্ডা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্য—নতুন পরিচয় থেকে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করা।
প্রতিবেদনের লেখক অলিভিয়া কার্লি নিজেও এমন একটি অ্যাপ ব্যবহার করে অভিজ্ঞতা নিয়েছেন। তিনি টাইমলেফটে নিবন্ধন করে ১৩.৯৯ পাউন্ড ফি দিয়ে ছয়জন অপরিচিত ব্যক্তির সঙ্গে নৈশভোজের আয়োজন পান। তবে নির্ধারিত ছয়জনের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাত্র তিনজন।
শুরুতে অপরিচিতদের সঙ্গে দেখা করতে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে তাঁদের মধ্যে প্রাণবন্ত কথোপকথন হয়। তবে রাতের খাবার শেষে সবাই নিজেদের পথে ফিরে যান। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব বজায় থাকবে কি না, তা নিশ্চিত ছিল না।
টাইমলেফট ব্যবহারকারী ২৮ বছর বয়সী মৃদুলের মতে, দৈনন্দিন জীবনে যাদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ নেই, এমন মানুষের সঙ্গে দেখা করার জন্য অ্যাপটি ভালো। তবে একবারের সাক্ষাতে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে তোলা কঠিন বলেও মনে করেন তিনি।
এসব প্ল্যাটফর্ম ব্যবহারের খরচও কম নয়। টাইমলেফটের মাসিক ফি ১৩.৯৯ পাউন্ড। গ্রুপভাইভের ক্ষেত্রে ১৯.৫০ পাউন্ড, ২২২প্লেসে ২২.২২ পাউন্ড এবং রিমোটলি সোশ্যাল ক্লাবে ৩৫ পাউন্ড পর্যন্ত দিতে হয়। অন্যদিকে, আগোরা আয়োজিত প্রতিটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে খরচ হতে পারে ৪০ পাউন্ড পর্যন্ত।
হিসাব অনুযায়ী, শুধু সদস্যপদ বাবদ বছরে ২৩৪ থেকে ৪৮০ পাউন্ড পর্যন্ত ব্যয় হতে পারে। এর বাইরে খাবার, পানীয় ও যাতায়াতের খরচ তো রয়েছেই।
একাকিত্ব নিয়ে গবেষক অধ্যাপক ফে বাউন্ড-আলবার্টি মনে করেন, এ ধরনের প্ল্যাটফর্মের সদস্যপদ ফি অনেকের জন্য সামাজিক যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাঁর মতে, বন্ধুত্বকে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার ওপর নির্ভরশীল করা উচিত নয়। মানুষের স্বাভাবিক সামাজিক মেলামেশার জন্য উন্মুক্ত জায়গা ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের গুরুত্ব রয়েছে।
লন্ডনের ২৯ বছর বয়সী লায়লাও বিভিন্ন সামাজিক অ্যাপ ব্যবহার করেছেন। তাঁর অভিজ্ঞতা মিশ্র। কিছু মানুষের সঙ্গে পরিচয় হলেও সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠেনি। তবে অ্যাপের মাধ্যমে পরিচিত হওয়ার পর ব্যক্তিগত উদ্যোগে যোগাযোগ বজায় রাখলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ তৈরি হয় বলে জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, মানুষের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ হলেই একাকিত্ব দূর হয় না। বরং মানসিকভাবে অর্থবহ ও গভীর সম্পর্ক গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। শুধু সামাজিক অনুষ্ঠানের সংখ্যা বাড়িয়ে একাকিত্বের সমাধান সম্ভব নয়।
এদিকে, সামাজিক যোগাযোগের জন্য বেসরকারি অ্যাপের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকিও সামনে এসেছে। একসময় জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম লোকালস ডট অর্গ চলতি বছরের শুরুতে বন্ধ হয়ে যায়। ফলে অ্যাপটির মাধ্যমে যাঁরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও যোগাযোগ বজায় রাখতেন, তাঁরা সেই সুযোগ হারান।
অবশ্য এসব অ্যাপের মাধ্যমে ইতিবাচক অভিজ্ঞতাও হয়েছে অনেকের। কেউ কেউ নতুন বন্ধু পেয়েছেন এবং তাঁদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কও গড়ে তুলেছেন। তবে প্রশ্ন উঠছে, বন্ধুত্বের মতো মৌলিক মানবিক সম্পর্ক তৈরির সুযোগ কি কেবল অর্থ ব্যয় করতে সক্ষম ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে?
একাকিত্ব দূর করার উদ্যোগ হিসেবে এসব অ্যাপের জনপ্রিয়তা বাড়লেও বন্ধুত্বকে নিয়মিত অর্থের বিনিময়ে পাওয়া একটি সেবায় পরিণত করার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।











