মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিল, ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে এক রাতেই পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনা ঘটেছে।

এ নিয়ে পুরো উপজেলাজুড়ে তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে একটি ঝটিকা মশাল মিছিল বের করা হয়। প্রায় একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভা অংশের সড়কেও যুবলীগের আরেকটি দল মশাল মিছিল করে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের আকস্মিক এমন তৎপরতায় স্থানীয় জনমনে আতঙ্ক ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘মেধা চত্বরে’ গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজানের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান ও জসিম শিকদার। এছাড়া আরও বক্তব্য দেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু এবং স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রাজপথে কঠোরভাবে রুখে দেওয়ার ঘোষণা দেন এবং মশাল মিছিলে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যাতে এলাকায় বিশৃঙ্খলা বা কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর ও সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ