
মো. সেলিম উদ্দীন, চট্টগ্রাম: প্রতিষ্ঠার ১৯ বছর পূর্ণ করে ২০তম বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ।
সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আলমগীর নূরের সভাপতিত্বে এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও বিএনপি নেতা এম এ হাসেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি এম এ হাসেম রাজু, সংগঠনের চেয়ারম্যান মো. আলমগীর নূরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং মাটি ও মানুষের নেতা। তাঁর আদর্শ এবং বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও রাষ্ট্রীয় উন্নয়ন এগিয়ে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নাজিবুল আহসান চৌধুরী সোহেল, গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক একেএম অলিউল্লাহ হক, নুরুল হাকিম, সৌদি আরব বিএনপি নেতা মনজুর হাসান, সহসভাপতি শফিকুর রহমান, দক্ষিণ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, সদস্যসচিব মো. মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ইয়াসিন চৌধুরী রানা, মো. ফারুক, শিরিন জাহান শিরিন, কামরুন নেছা, খোরশেদ চেয়ারম্যান ও সৈয়দ ওবায়দুল করিম চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০৭ সালের ১২ অক্টোবর মো. আলমগীর নূরের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে চর্চা ও গবেষণা করে আসছে।
প্রতিষ্ঠার দুই দশকে পদার্পণ উপলক্ষে সংগঠনটি ৪৭ দফা ও ৩১ দফার তুলনামূলক গবেষণা, ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠা এবং নীতি-গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।











