
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় জনগনের সুবিধার্থে প্রায় কোটি টাকা ব্যয়ে ইউনি ব্লক দিয়ে আধুনিক মানের রাস্তা নির্মাণ করা হচ্ছে। কিন্তু সেই আধুনিক মানের রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
অভিযোগ কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে ও যত্রতত্রভাবে অনিয়ম করে কাজ চালিয়ে যাচ্ছেন। আর এতে উপজেলা এলজিইডি অফিসের যোগসাজস রয়েছে বলে মন্তব্য অনেকের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সুন্দরগন্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া এনায়েত মন্ডলের বাড়ী মোড় হতে পশ্চিমে কিশামত হলদিয়া ডিসি রাস্তা পর্যন্ত রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছিল। এতে জনসাধারণ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ দুর্ভোগ থেকে রক্ষা করতে আধুনিক মানের করতে ইউনি ব্লকের রাস্তা নির্মাণের জন্য কাজটি পায় মেসার্স নাফি নিলা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
বর্তমানে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ইউনি ব্লক দিয়ে রাস্তার কাজ করছেন। তবে নির্মাণ কাজ চলা অবস্থায় দেখাশোনার জন্য উপজেলা এলজিইডি অফিসের কাউকে দেখা যায়নি। এতে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
তারা জানান, কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম করছে। রাস্তার মাঝে মাঝে ভাঙা ইউনি ব্লক দিচ্ছেন। এরপর রাস্তায় ইউনি ব্লক দেওয়ার পর রাস্তার দুই সাইডে ফাঁকা রাখা হচ্ছে। সেখানে সামান্য পরিমান সিমেন্ট ও বালির পরিমান বেশি দিয়ে কোনো মতে দায়সারা কাজ করা হচ্ছে। ফলে হাতের আঙ্গুল দিয়ে আঁচর দিলেই উঠে যাচ্ছে। এছাড়া রেজিংয়ের দুইপাশে অনেক স্থানে মাটিও দেওয়া হয়নি। আমরা স্থানীয় লোকজন কাজের এসব অনিয়মের বিষয়ে বার বার ঠিকাদারের লোকজনকে বললেও তারা কোনো কর্নপাত না করে কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করলে উল্টো কাজ বন্ধ রেখে চলে যাওয়ার ভয় দেখাচ্ছেন। আবার রাস্তার দুইপাশে কিছু কিছু রেজিং ব্লক, রাস্তার ইউনি ব্লকগুলো নিন্মমানের।
তাদের মধ্যে কেউ কেউ ক্ষোভ নিয়ে বলেন, সিমেন্ট দিচ্ছেনা, একদম বালু দিয়ে কাজ করছে। তাই আঙুল দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে। রাস্তার পাশে আছে স্থানীয়দের বসবাসের বাড়ি। সেখানে কিছু কিছু জায়গায় দেখা যায় রাস্তার রেজিং ব্লকগুলো অনেক উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। রেজিং ব্লকগুলো দেখিয়ে দিয়ে তারা বলেন, মাটি দেওয়ার কথা থাকলেও, দেওয়া হচ্ছেনা মাটি। তাই বাধ্য হয়ে আমরা আবর্জনা দিয়ে সমান করে দিচ্ছে। কারণ আমাদের কারো কারো চলাচলের গাড়ি আছে। সেগুলো তুলতে বা নামাতে কষ্ট হবে। তাই নিজ থেকে বাড়ির ময়লা বা আবর্জনা দিয়ে সমান করে দিচ্ছি।
স্থানীয়ারা বলছেন, যেভাবে অনিয়ম করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, তাতে ভারি যানবাহন চলাচল শুরু হলে রাস্তা বেশিদিন টিকসই হবে না। সঠিকভাবে নির্মাণ কাজ করতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজের ঠিকাদার আমিনুর ইসলাম মুঠোফোনে নানা পরিচয় তুলে ধরেন এবং অনিয়মের বিষয়ে এলজিইডি অফিসের লোকজন দেখা শোনা করবে বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. মাহবুব হোসেন মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক জবাব না দিয়ে ফোন কেটে দেন। এলাকাবাসী বেইজিং বসানো ভাংগা চুরা ব্লক তুলে পরিবর্তন, এ রাস্তার পর্বের দিকে পচাঁ খোয়া অপসারন না করা পযর্ন্ত কাজ স্থগিত করতে গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)মোঃ ছাবিউল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগীয় ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।











