
খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় এক বিশাল জনসভা, মিলাদ মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টির (জাপা) মূলদল এবং এর সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় আলীয়াবাদ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়, যা নবীনগরে জাতীয় পার্টির সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো: সেলিম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার সহ-সভাপতি খাদেম আলমগীর শাহ্।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের অধিকার রক্ষায় জাতীয় পার্টির ভূমিকার ওপর আলোকপাত করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাও. আমিনুল ইসলাম চৌধুরী (ঢাকা)। এছাড়াও বিশেষ অতিথির সারিতে ছিলেন নিজাম উদ্দিন রুমেল (সাংগঠনিক সম্পাদক, জেলা জাপা), আনোয়ার হোসেন তপন (সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা জাপা), যুব, মহিলা ও সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মো: মনিরুজ্জামান, মিনারা বেগম, তাহমিনা আক্তার এবং বাবু রাকেশ চন্দ্র।
নবীনগর উপজেলা ইউনিট-১ এর সভাপতি মো: কবির হোসেন এই অনুষ্ঠানের স্বাগতিক হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ সম্পাদক গরীব নেওয়াজ খান (টিকন) এর পরিচালনায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।
নেতৃবৃন্দ বলেন, এই ধরনের গণসংযোগ কর্মসূচি তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দিতে এবং কর্মীদের উজ্জীবিত করতে সাহায্য করবে।
জনসভা শেষে দলের পক্ষ থেকে একটি বিশাল র্যালি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।











