
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) দিবসটির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে নবীনগর সরকারি কলেজ মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের সদস্য মো. নাছির উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান,নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার, সহ আরো অনেকে।
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, নবীনগর থানা, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ,নবীনগর পৌরসভা,বিএনপি, জাতীয় পার্টি, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনগর সরকারি কলেজ, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,শিল্পকলা একাডেমি, সামাজিক সংগঠন মাদকমুক্ত নবীনগর চাই সহ বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও প্রভাত ফেরী শেষে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।











