
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন।
রোববার রাত পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার হোসেন ও আবদুস সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় দৌড়ে পালিয়ে হামলাকারীদের হাত থেকে রক্ষা পান এএসআই আবদুস সাত্তার।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে বলেন, তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মারা গেছেন। তাঁর সঙ্গে থাকা এএসআই সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছেন। তবে তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, কনস্টেবল আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি বলেন, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগেও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সদস্যদের ওপর এ হামলার পেছনে মাদক ব্যবসায়ীদের কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।











