রবিবার, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকবিরোধী বার্তা নিয়ে তিতাসের বুকে নৌকা বাইচ

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ সমাজকে দূরে রেখে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টায় উপজেলার বুড্ডা এলাকার তিতাস নদীতে সামাজিক সংগঠন ‘মাদকবিরোধী তরুণ শক্তি’-এর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়। আয়োজনকে ঘিরে তিতাস নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, কাড়ানাকাড়ার তালে মাঝিমাল্লাদের সারিগান আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বুড্ডা, কুচনী ও ক্ষেমতাপুর এলাকার নদীর তীর।

আবহমান বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন। কেউ ট্রলার ও ইঞ্জিনচালিত নৌকায়, আবার কেউ মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়িতে করে অনুষ্ঠানস্থলে এসে এ মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করেন।

দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচের মতো গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজন একদিকে যেমন বাংলার সংস্কৃতিকে ধরে রাখে, অন্যদিকে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এমন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম স্থান অর্জন করে সরাইলের ক্ষেমতাপুর দল। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ষাঁড় গরু। দ্বিতীয় স্থান অর্জন করে স্বাগতিক বুড্ডা দল, তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ। আর তৃতীয় স্থান অর্জন করে বিজয়নগরের এত্তারপুর দল, তারা পায় একটি এলইডি টেলিভিশন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকাগুলোকে সান্ত্বনা পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্জ সিরাজুল ইসলাম (সিরাজ)। অনুষ্ঠানের উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

মাদকবিরোধী তরুণ শক্তির সভাপতি ও সমাজসেবক শেখ রাকিব উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্জ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসমান উল্লাহ। প্রধান অতিথির সমাপনী বক্তব্য এবং সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে উৎসবমুখর নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এমন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ