
মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম: দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে নগরীর মুরাদপুর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ফরেস্ট গেইট বিবিরহাট ওয়ার্ড অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল কবির পলাশের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “চৌদ্দশ শহীদের রক্তের ওপর দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আবারও রক্তপাত ঘটিয়ে দেশে ফিরে আসতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাতের রাজনীতি দেখতে চায় না। জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে কোনো অপশক্তির কাছে জিম্মি হতে দেওয়া যাবে না।”
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ফরিদপুর ও নড়াইলে তিনজন শহীদের রক্তে শেখ হাসিনার সহিংস রাজনীতির কালো অধ্যায় রচিত হয়েছে। পুরো বিশ্ববাসী দেখেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। তারা হাসপাতালে হামলা চালিয়ে প্রমাণ করেছে যে, তারা ইসরায়েলি হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষের জানমালের নিরাপত্তা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দিয়ে সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে অন্যায় ও সন্ত্রাসের প্রতিবাদ জানাতে হবে।”
সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন কবির আপেল, মহানগর সদস্য আব্দুল মান্নান, মো. হাসান, মাহি রুবেল, আকবর হোসেন মানিক, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, সাজ্জাদ হোসেন, জাবেদ শাফায়াত সুবহান এবং পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর, পাঁচলাইশ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।











