
আলেয়া মান্নান
বাবার সাথে হাটে যাচ্ছি,
চুপিচুপি ইশারায়, সখীদেরও ডাকছি।
যাবার পথে মনে মনে, খুব আনন্দ পাচ্ছি,
কত কিছু কিনব হাটে, তাই যেন ভাবছি।
মাঝে মাঝে পিছু ফিরে, চেয়ে দেখি বাড়ি,
সামনে দেখি গণেশ্বরী নদী, দিতে হবে পাড়ি।
নদী পারের জন্য আমরা, জমা দিলাম কড়ি,
অমনি দেখি মাঝি ভাই, নৌকা দিলেন ছাড়ি।
ও মাঝি ভাই, শুনছো নাকি?
এদিক ফিরে চাও—
বাবার সাথে হাটে যাব,
ওপার নিয়ে যাও।
খেলনা পুতুল কিনব আমি,
হাট থেকে ফিরব যখন, দেখে নিও তুমি।
রং-বেরঙের কিনব গাড়ি,
আরও কিনব ঘড়ি।
বোনের জন্য রঙিন জামা,
কিনব ফিতা-চুড়ি।
ভাইয়ের জন্য খেলনা কিনব,
খাবার নেব মুড়ি।
সবার শেষে মায়ের জন্য
কিনব একটি শাড়ি।
ও মাঝি ভাই, বলি তোমায়,
পাড় করিয়া দাও—
তোমার জন্যও নিয়ে আসব,
যদি কিছু চাও।











