
মো. ওসমান গনি ইলি, কক্সবাজার: “খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করুন, পর্যটন শিল্পের উন্নয়নে করণীয়”— এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে সবুজ আন্দোলনের উদ্যোগে এক আলোচনা সভা ও জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকালে কক্সবাজার শহরের শফিক সেন্টারে অবস্থিত ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো এবং সঞ্চালনা করেন মো. ইমরান খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ শাহীন।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের মাধ্যমে কক্সবাজারকে একটি আদর্শ পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথি বাপ্পি সরদার বলেন, “কক্সবাজারকে টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে পরিকল্পিত হোটেল-মোটেল নির্মাণ, পাহাড় ও বনভূমি রক্ষা এবং সাগর সৈকত সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি আরও বলেন, “পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি হকারদের জন্য নির্ধারিত স্থানের ব্যবস্থা করাও জরুরি।”
বাপ্পি সরদার সভায় দুটি স্লোগান উপস্থাপন করেন— “রোহিঙ্গা হটাও, কক্সবাজার বাঁচাও” এবং “আমেরিকা হটাও, সেন্টমার্টিন বাঁচাও।”
সভা শেষে সবুজ আন্দোলনের কক্সবাজার জেলা কমিটির নবগঠিত সদস্যদের পরিচিতি করানো হয় এবং পরিবেশ রক্ষায় অবদান রাখা কয়েকজনকে “পরিবেশ যোদ্ধা” সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়











