
শাহ ইমরান,কুমিল্লা জেলা প্রতিনিধি :নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, আমাদের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সেভাবেই তফসিল দিয়েছি। নির্বাচনে আসা না আসা তাদের দলীয় সিদ্ধান্ত। নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার আমাদের সুযোগ নেই। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে।
বুধবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি এ মতবিনিময় সভা করেন।
ইসি আনিছুর রহমান আরও বলেন, ‘বিএনপিসহ অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে চায় তাহলে সুযোগ আছে। ইতিমধ্যে ৪৪টি নিবন্ধিত দল নিয়ে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সে রকম নির্দেশনা দেওয়া আছে। নির্বাচনে যদি আর কোনো দল নাও আসে সংবিধান মেনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মঞ্জুরুল হাফিজ, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, কুমিল্লার জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।











