
পাভেল ইসলাম মিমুল, উত্তরবঙ্গ: গত ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে শুধু মাদক কারবারি করেই এক হাজার ব্যক্তি কোটিপতি বনে গেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরে আইনের আওতায় আনতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার দুপুরে নানকিং দরবার হলে রাজশাহীতে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী তার বক্তব্যে বলেন, “উন্নয়ন ও অর্জনে রাজশাহী সব সময়ই এগিয়ে ছিল। কিন্তু বিগত ২০ বছরে সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে।” এ সময় তিনি অতীত ভুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্যমে কাজ করার আহ্বান জানান।
পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।











