
এস. এম. পারভেজ আলম আদেল: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো-চ ১২-৯৩৫৫) জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—দিনাজপুর জেলার কোতোয়ালী উপজেলার বিভীষণ গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. নূরে আলম (৪৬) এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার তিলাই গ্রামের আসাদুল্লাহর ছেলে তরিকুল ইসলাম রাজন (৩২)।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি কালো রঙের নোহা গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে। পরে আশুগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়িটি থামানো হয়।
তল্লাশির একপর্যায়ে গাড়ির সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।











