
সাতক্ষীরা প্রতিনিধি: শ্রেণিকক্ষে তখন চলছিল পাঠদান। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনছিল শিক্ষকের কথা। এরই মধ্যে শ্রেণিকক্ষে উপস্থিত হন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
শিক্ষার্থীদের পড়াশোনা, পাঠদানের ধরন ও শ্রেণিকক্ষের পরিবেশ সম্পর্কে সরাসরি জানতে কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
জেলা প্রশাসক কাউসার আজিজ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে চলমান পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে তাদের কাছ থেকে জানতে চান তিনি। শুধু শ্রেণিকক্ষ নয়, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশও ঘুরে দেখেন জেলা প্রশাসক।
এ সময় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরিতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসপিয়ারা খাতুন উপস্থিত ছিলেন।











