মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলশীর তুলাতুলিতে প্রভাবশালীদের আশ্রয়ে ভাসমান পয়েন্টে চলছে মাদক কারবার

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন তুলাতুলি এলাকায় মাদক কারবার বন্ধ হচ্ছে না। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও সক্রিয় রয়েছে মাদক কারবারিদের একটি চক্র।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকজনের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ধরে চলছে এই মাদক ব্যবসা। গণমাধ্যমে চক্রটির সদস্য ও তাদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান অভিযান ও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

অনুসন্ধানে পাওয়া তথ্য ও স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, তুলাতুলির মাদক কারবার নিয়ন্ত্রণ করছে একটি সংঘবদ্ধ চক্র। মাঠপর্যায়ে এর নেতৃত্বে রয়েছে মুরগি ফারুক ও বশর নামের দুই ব্যক্তি।

তাদের পেছনে আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে দুলাল, আজাদ ও মাসুদের নাম উঠে এসেছে। স্থানীয়দের দাবি, আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই চক্রকে সহযোগিতা করছেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে চক্রটি নিজেদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এলাকায় ইয়াবা, ফেনসিডিল, চোলাই মদ ও গাঁজার কারবার চলছে বলেও অভিযোগ করেছেন বাসিন্দারা।

চক্রটির মাঠপর্যায়ের সহযোগী হিসেবে রাজন, আলম, রাশেদ, শরিফ ও বদা নামের কয়েকজনের কথা জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত চিত্র নিশ্চিত হওয়া প্রয়োজন।

ভাসমান পয়েন্টে মাদক বিক্রি

এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিরা এখন আর নির্দিষ্ট কোনো আস্তানায় সীমাবদ্ধ নেই। তুলাতুলি ও আশপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে তাদের বিক্রয়কেন্দ্র।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে নিয়মিত পরিবর্তন করা হচ্ছে এসব পয়েন্ট। কখনো অলিগলি, কখনো জনবহুল মোড় ব্যবহার করে মাদক সরবরাহ করা হচ্ছে।

ফলে এলাকাটি কার্যত ভাসমান মাদক বিক্রির পয়েন্টে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

মাদক কারবারে সম্পদ অর্জনের অভিযোগ

স্থানীয় সূত্রের দাবি, মাদক ব্যবসার মাধ্যমে চক্রটির কয়েকজন সদস্য বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অভিযোগ রয়েছে, মুরগি ফারুক মাদক ব্যবসার অর্থ দিয়ে ‘প্রত্যাশা হাউজিং সোসাইটি’তে প্রায় দুই কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল প্লট কিনেছেন।

তবে প্লটটির মালিকানা, ক্রয়মূল্য এবং অর্থের উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অটোরিকশা চালক থেকে কোটিপতি বশর!

চক্রটির আরেক সদস্য বশরকে ঘিরেও রয়েছে নানা অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের আগে তিনি অটোরিকশা চালাতেন।

পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে মাদক ব্যবসায় জড়িয়ে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, বর্তমানে তার জীবনযাপন ও সম্পদের পরিমাণে বড় ধরনের পরিবর্তন এসেছে। তবে তার সম্পদের প্রকৃত উৎস সম্পর্কে কোনো স্বাধীন তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে বশরের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে অভিযোগগুলো নিয়ে তিনি বিস্তারিত কোনো বক্তব্য দেননি। একপর্যায়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মাদকবিরোধী অবস্থানের কথা জানালেন মাসুদ আলম

এলাকায় মাদক কারবার ও রাজনৈতিক আশ্রয়ের অভিযোগের বিষয়ে ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাসুদ আলমের সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি বলেন, ‘ওদেরকে আমি চিনি, তারা আমার সঙ্গে রাজনীতি করে। তবে এদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দল তার দায়ভার কখনোই গ্রহণ করবে না। যেহেতু রাজনৈতিকভাবে আমাদের দল মাদক সম্পর্কে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা, প্রশাসন এবং সচেতন আপনাদের (গণমাধ্যম ও এলাকাবাসী) সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করে যাব।’

তার এই বক্তব্যের পর স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী কার্যক্রমে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে উদ্বেগ

তুলাতুলি ও আশপাশের এলাকায় মাদক কারবারের অভিযোগে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। স্থানীয়দের দাবি, চট্টগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকা মাদক সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তুলাতুলি, ২ নম্বর রেলগেট, চট্টগ্রাম পলিটেকনিক এলাকা, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং ওমেন্স কলেজ মোড় ঘিরে মাদকসেবী ও সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, মাদক কারবারের প্রভাবে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছাত্রীদের উত্ত্যক্ত করার মতো ঘটনাও বাড়ছে। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষ অভিযান চান এলাকাবাসী

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গণমাধ্যমে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

তাদের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে থাকা সহযোগীদেরও চিহ্নিত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসার অর্থের উৎস ও অবৈধ সম্পদের বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার, এসআরবি-৭ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তুলাতুলি, ২ নম্বর রেলগেট, চট্টগ্রাম পলিটেকনিক এলাকা, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ওমেন্স কলেজ মোড়সহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর দাবি, কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার না করে মাদকবিরোধী অভিযান চালাতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি তাদের সহযোগীদেরও শনাক্ত করতে হবে।

তাদের মতে, মাদক কারবার বন্ধ এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন জরুরি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ