
সুলতান মাহমুদ, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাংবাদিকদের পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে উপজেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত কাজে প্রশাসনের সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বুধবার উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান ১৯৯১ সালে প্রতিষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটির নেতারা।
সাংবাদিকদের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চান প্রেস ক্লাব সভাপতি
নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষিসহ গ্রামীণ জনপদের উন্নয়নে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের বরাদ্দ করা বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের কার্যক্রম প্রশংসনীয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম উপস্থিত ছিলেন।
নন্দীগ্রাম থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
এর আগে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অপরাধ প্রবণতা কমাতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রেস ক্লাবের নেতারা।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখায় নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
প্রেস ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন
মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল বারীক ও মিজানুর রহমান মুকুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজু।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান, সহসাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু, দপ্তর সম্পাদক সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল, পাঠাগার সম্পাদক মশিউর রহমান মানিক এবং কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান ও সিয়াম হোসেনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।











