মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ডিবির অভিযানে চোরাই ড্রাম ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাই একটি ড্রাম ট্রাক উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। উদ্ধার করা ট্রাকটির আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।

গত ৮ নভেম্বর নগরীর পাঁচলাইশ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শওকত আলী (৪২) ও আবু তৈয়ব আলীকে (২৯) গ্রেপ্তার করে ডিবি। মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের ১ নম্বর টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেনের নেতৃত্বে ডিবি টিম-৩১-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখানে একটি পুরোনো নম্বরবিহীন আইচার (EICHER TERRA25) ড্রাম ট্রাক উদ্ধার করা হয়। এ সময় গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীকে (৫৮) গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, উদ্ধার করা গাড়িটির ইঞ্জিন নম্বর 11F63152870 এবং CMVRTR নম্বর AAF NO-194। গাড়িটির আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে পরিবহন ও নিজেদের হেফাজতে রাখতেন। পরে গাড়িগুলো বিভিন্ন খণ্ডাংশে খুলে বিক্রি করতেন। গ্রেপ্তার শওকত আলী চোরাই গাড়ি কেনাবেচার পাশাপাশি গাড়ি চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের প্ররোচনা দিতেন বলেও জানা গেছে।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, শওকত আলীর প্ররোচনায় আবু তৈয়ব আলী গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা থেকে ড্রাম ট্রাকটি চুরি করেন। পরে বিষয়টি শওকত আলীকে জানালে তিনি গাড়িটি চট্টগ্রামে পরিবহনের জন্য ঢাকায় একটি রোবট গাড়ি (গাড়ি পরিবহনে ব্যবহৃত বিশেষ যান) পাঠান। এরপর আবু তৈয়ব চুরি করা ট্রাকটি চট্টগ্রামে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে শওকত আলীর কাছে হস্তান্তর করেন।

পরবর্তী সময়ে শওকত আলী আব্বাস উদ্দিন প্রকাশ আবু মেস্ত্রীর সহযোগিতায় গাড়িটি বিভিন্ন অংশে খুলে বিক্রির পরিকল্পনা করেন। এ উদ্দেশ্যে ট্রাকটি পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে দরবার আয়রন মার্টের পাশে অবস্থিত আবু মেস্ত্রীর গ্যারেজে রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ