মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চীনা গুপ্তচর সন্দেহে বিতর্ক: এনভিডিয়া ও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

যায়যায়কাল ডেস্ক: চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জড়িত এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আইনি প্রতিষ্ঠান এই শ্রেণিগত মামলা (ক্লাস অ্যাকশন) করেছে।

সোমবার ক্যালিফোর্নিয়ার সান জোসের একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের কথিত সম্পর্ক এবং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের কাছে যথাযথ তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।

মার্কিন আইনি প্রতিষ্ঠান রোজেন ল-এর পক্ষ থেকে দায়ের করা মামলায় বলা হয়েছে, এনভিডিয়ার দেওয়া বক্তব্য ছিল ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’। ৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার কেনা বিনিয়োগকারীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

অভিযোগের কেন্দ্রে থাকা অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন শীর্ষ নির্বাহী। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার গ্রাহক। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চীনের কাছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি সহায়তা করেছে বলে সন্দেহ করছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্কের বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। অভিযোগ রয়েছে, এনভিডিয়ার প্রধান নির্বাহীর ঘনিষ্ঠ যোগাযোগের সুযোগ কাজে লাগিয়ে বেইজিংয়ের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে থাকতে পারেন ওই ব্যবসায়ী।

তবে এনভিডিয়া শুরুতে এসব অভিযোগ অস্বীকার করেছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর কোম্পানির এক মুখপাত্র বলেছিলেন, জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ অস্বাভাবিক বা অপ্রত্যাশিত কিছু নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, বিষয়টি এফবিআই তদন্ত করছে। তবে জেনসেন হুয়াংয়ের প্রতি আস্থা প্রকাশ করে তাঁকে ‘সম্মানিত’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, অ্যালিস হুয়াং গুপ্তচর কি না, সে বিষয়ে জেনসেন হুয়াংয়ের কাছে জানতে চেয়েছিলেন তিনি। জবাবে হুয়াং বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন। ট্রাম্প বলেন, তিনি হুয়াংয়ের বক্তব্য বিশ্বাস করেন এবং আশা করছেন, তিনি এ পরিস্থিতি থেকে ভালোভাবেই বেরিয়ে আসবেন।

অন্যদিকে, অক্টোবরের শেষ দিক থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ১৫ শতাংশের বেশি কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সোমবার একপর্যায়ে কোম্পানিটির বাজারমূল্য ১৯২ বিলিয়ন ডলার কমে যাওয়ার কথাও বলা হয়েছে।

এনভিডিয়ার অন্যতম বিনিয়োগকারী ব্লু হোয়েল গ্রোথ ফান্ডের ফান্ড ম্যানেজার স্টিফেন ইউ বলেছেন, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে এবং শেয়ারের দরপতন কাটিয়ে ওঠা সম্ভব না হলে বিনিয়োগকারীদের স্বার্থে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে, রোজেন ল-এর পাশাপাশি আরেকটি আইনি প্রতিষ্ঠান শাল, ব্রাউন অ্যান্ড শোয়ার্টজও এনভিডিয়ার বিরুদ্ধে সম্ভাব্য মামলা করার প্রস্তুতি হিসেবে প্রাথমিক তদন্ত চালাচ্ছে।

বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার বিরুদ্ধে চলমান এসব অভিযোগ ও আইনি পদক্ষেপ কোম্পানিটির ব্যবসায়িক সুনাম এবং বিনিয়োগকারীদের আস্থার ওপর কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ