
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই-সশস্ত্র)।
বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম পুলিশের উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করা হবে। পরবর্তী সময়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একজন কর্মরত পুলিশ কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।











