
মো. মাহফুজুর রহমান, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরস্থ ছোট বটতলা নামক স্থানে অনুমোদনহীন ভেজাল গুড় ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসকের একটি টিম।রোববার বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে এ স্বপন কুমার শীল মালিকানাধীন গুড়ের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় মজুদ করা ২৪ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।
জানা যায়, কারখানার মালিক প্রায় ৪/৫ বছর যাবত ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা ও মালামাল বাজেয়াপ্ত করা হয়। কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর বলে জানা যায়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুল রশিদ খানসহ পুলিশ সদস্য জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ।











